ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বীরগ্রাম সেতু

আপডেট : ০২ মে ২০২১, ২২:৩১

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

জোড়াতালি দিয়ে চলছে ধামইরহাট-আগ্রাদ্বিগুন সড়কের বীরগ্রাম সেতুটি। এতে যে কোনো সময় সেতুটি ধসে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সেতুটি ভেঙে গেলে বন্ধ হয়ে যাবে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়বে উপজেলার তিনটি ইউনিয়নসহ পার্শ্ববর্তী সাপাহার, পোরশা উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার হাজার হাজার মানুষ। স্থানীয়রা অচিরেই এ স্থানে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, সেতুটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। অচিরেই এ স্থানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, গুরুত্ব বিবেচনায় চলতি অর্থবছরে এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী বরাবর সেতুটি নির্মাণে আবেদন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী বিষয়টি এলজিইডির সদর দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। অচিরেই সদর দপ্তর থেকে সেতু এলাকার মাটি পরীক্ষা করবে। আশা করছি, অচিরে নতুন সেতু নির্মাণকাজ শুরু হবে।