সাভারে র্যাবের হাতে আট ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ০২ মে ২০২১, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব।  শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নরসিংদীর আবুল হাসেম, নাটোরের রাজা মিয়া, ঐ জেলার বকুল শাহ, গোপালগঞ্জের কাবুল শেখ, মানিকগঞ্জের জয়নাল আবেদীন, ঢাকার তারেক, টাঙ্গাইলের বাবুল খলিফা ও একই জেলার তৈয়ব।   

র্যাব জানায়, শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালোনো হয়। এ সময় সেখান থেকে আট ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহূত একটি কাচি, একটি প্লাইয়ার্স, দুটি চাকু, দুটি স্ক্রু-ড্রাইভার, ছিনতাইকৃত চারটি মানিব্যাগ ও সাতটি মোবাইল। র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটককৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্নস্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।