গাজীপুরে সিঁড়ি ধসে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ মে ২০২১, ২২:৩৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর জিরানী এলাকায় শনিবার দুপুরে একটি ভবনের  সিঁড়ি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সেলিম হোসেন (২৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বিষপুকুর এলাকার আবু বকরের ছেলে। কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, বাড়ৈপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে দিন মজুরের কাজ করতেন সেলিম হোসেন। জিরানী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৫তলা ভবন ভাঙার কাজ চলছে। ঐ ভবন ভাঙতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে সেলিম শনিবার কাজ করছিলেন। দুপুরে ঐ ভবনের সিঁড়ি ভাঙার সময় সিঁড়িটি হঠাত্ ধসে পড়ে।

এসময় সেলিম ঐ সিঁড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।