এসপি হলেন ৬৩ জন, অতিরিক্ত এসপি হলেন ১০৫ জন
g ইত্তেফাক রিপোর্ট
পুলিশ সুপার পদমর্যাদা থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন সাত পুলিশ কর্মকর্তা। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে তাদের এই পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই আদেশে ৬৩ জনকে এসপি এবং ১০৫ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিরা হলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মিরপুর বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশীদ, ডিএমপি সদর দপ্তরে কর্মরত আনিসুর রহমান, বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মনিরুজ্জামান এবং পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) রফিকুল ইসলাম।
অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এ ছাড়া পদোন্নতির ফলে তারা সরকারের বেতন স্কেল (২০১৫ অনুযায়ী) চতুর্থ গ্রেডে অন্তর্ভুক্ত হবেন।
অন্যদিকে ৬৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ১০৫ জন সহকারী পুলিশ সুপার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই দুই পদোন্নতির কথা জানানো হয়েছে।
