জামায়াতের সংস্কারপন্থিদের দলে যোগ দিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক

আপডেট : ০৩ মে ২০২১, ০০:৪৪

জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রভাবশালী নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক জামায়াতে ইসলামীর সংস্কারপন্থিদের দল ‘আমার বাংলাদেশ (এবি) পার্টির’ প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।

গতকাল রবিবার এবি পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এবি পার্টির সদস্য সচিব ও সাবেক জামায়াত নেতা এবং শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যারিস্টার আবদুর রাজ্জাককে পার্টির প্রধান উপদেষ্টা করা হয়েছে। গতকাল (রবিবার) থেকে তিনি পার্টির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যারিস্টার আবদুর রাজ্জাক ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং দল বিলুপ্তির পরামর্শ দিয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এরপর দীর্ঘদিন ধরে নিজেকে আড়াল রেখে এবার নতুন একটি দলে যোগ দিলেন।

২০২০ সালের ২ মে সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে ২২২ সদস্যের ‘আমার বাংলাদেশ’ পার্টির আহ্বায়ক কমিটি করা হয়।