রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়ায় হেফাজতের হামলায় আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ হত্যার মামলার প্রধান আসামি ইউনুচ মনিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার শিলক নটোয়ার টিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শিলক তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ মুজিবর রহমান জানান, ইউনুচ মনি কোদালা গ্রামের সেয়ান বাড়ির বাসিন্দা। গ্রেফতারের পরপরই তাকে চট্টগ্রাম কোটে চালান করা হয়েছে। এ নিয়ে মুহিবুল্লাহ হত্যা মামলার ৩৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনাগাঁও রিসোর্টে মামুনুল হক আটক ইস্যুতে গত ৩ এপ্রিল রাতে হেফাজতের মিছিল থেকে হামলায় গুরুতর আহত হলে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৬ এপ্রিল রাতে কোদালা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্দ মহিবুল্লাহর মৃত্যু হয়। এ ব্যাপারে ইউনুচ মনিকে প্রধান আসামি করে বিএনপি, জামায়াত ও হেফাজতের ৬৪ নেতাকর্মীসহ মোট ২১৪ জনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় দুটি মামলা করা হয়।
