কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে। তাদের মধ্যে নয় জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাঁজা সেবন ও এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটনের বিষয় নিয়ে সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম এবং সোনা মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকাল ১০টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
