‘গায়েবি মামলা’ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, উচ্চ আদালতের আদেশের অনুলিপি সাত কার্যদিবসের মধ্যে নিম্ন আদালতে পৌঁছানোর ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। স্মারকলিপিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার বিচারে সরকার বা রাষ্ট্রযন্ত্রের প্রভাবমুক্ত রাখার দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতির একান্ত সচিব মো. ইউসুফ আলীর কাছে এ স্মারকলিপি জমা দেন গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলন। স্মারকলিপিতে আগাম জামিনের আবেদন শুনানির জন্য হাইকোর্টে ফৌজদারি বেঞ্চের সংখ্যা বৃদ্ধির দাবি জানানো হয়।
স্মারকলিপি জমা দেওয়ার পূর্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে সুপ্রিম কোর্ট বার সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকনসহ শতাধিক আইনজীবী অংশ নেন।
