বিনোদন রিপোর্ট
আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী রুমানা ইসলামের নতুন গান। জামাল হোসেনের লেখা ‘একটা মন’ শিরোনামের এই গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন এ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক মুহিন খান। গানটি প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘জামাল ভাইয়ের লেখা গান এবারই প্রথম গাইলাম। মুহিনের সুরেও আমার প্রথম গাওয়া। গানটির কথাগুলো জীবনধর্মী এবং বেশ ভালো লেগেছে আমার কাছে। এছাড়া গানটির সুরও অনেক শ্রুতিমধুর হয়েছে। আশা করছি গানটি ভালো লাগবে দর্শক-শ্রোতাদের।’ জামাল হোসেন বলেন, ‘গানটির কথা, সুর এবং শিল্পীর গায়কী শ্রোতাদের মুগ্ধ করবে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’ এদিকে রুমানা ইসলাম সর্বশেষ অধরা জাহানের কথা, আলম আরা মিনুর সুর এবং মানাম আহমেদের সংগীতায়োজনে নারী দিবসের বিশেষ গান ‘শোন পৃথিবী শোন’ গানটি গেয়েছিলেন। এছাড়া সদ্যপ্রয়াত ফরিদ আহমেদের সুর ও অধরা জাহানের কথায় গতবছর করোনা সচেতনতার গান ‘প্রকৃতির অভিমান’ এবং আগুনের সঙ্গে ‘ভয় পেও না, ভয় পেও না, যদি হয় করোনা’ গানটিতেও কণ্ঠ দেন তিনি।
