মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
মাদারগঞ্জ পৌরসভার আওতায় ৮ শহর উন্নয়ন প্রকল্পের ৬৪ লাখ টাকার একটি রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই উন্নয়নের পুরো টাকা জলে যাওয়ার আশঙ্কা করছে পৌরবাসী।
জানা গেছে, মাদারগঞ্জ পৌরসভার ৮ শহর উন্নয়ন প্রকল্পের আওতায় গাবেরগ্রাম হতে উত্তর গাবেরগ্রাম চান খানবাড়ির বটতলা পর্যন্ত ৮০৫ মিটার দীর্ঘ রাস্তা নিমার্ণ ও সংস্কার কাজটি পায় বালিজুড়ি বাজরের রানা ট্রের্ডাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি পাওয়ার পর থেকে রাস্তা নির্মাণের জন্য অত্যন্ত নিম্নমানের, খোয়া ও বালি ব্যবহার করা হয়। এ ছাড়াও রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত খোয়া বালি দ্বারা ভরাট করার কথা থাকলেও তা মাটি দিয়ে ভরাট করে। রাস্তা নির্মাণের ইস্টিমেট অনুযায়ী রাস্তায় ৬ ইঞ্চি উচ্চতার ইটের খোয়া দ্বারা ডব্লিওবিএম করার কথা থাকলেও মাত্র ২ থেকে ৩ ইঞ্চি উচ্চতা দেওয়া হয়েছে। রাস্তায় প্রথম শ্রেণির ইট ব্যবহার করার কথা থাকলেও অত্যন্ত নিম্নমানের পোড়ামাটি সদৃশ ইট ও মোটা স্বচ্ছ বালির পরিবর্ত্তে নিম্নমানের ভিটি বালু ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসী জানান, যেভাবে এই রাস্তা নির্মাণ হচ্ছে তা সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যাবে। এই ৬৪ লাখ টাকা পুরোটাই জলে যাবে বলে তারা আশঙ্কা করছেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী পারেক আহম্মেদের সঙ্গে সারা দিন মোবাইল ফোনে যোগাযোগ করলেও তার মোবাইল (০১৭১১-৭৮৬৮৯৬) বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা ট্রের্ডাসের মালিক বালিজুড়ি বাজারের তারিকুল ইসলাম রুনুর সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে এই কাজের মূল ঠিকাদার মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর পুলক পারভেজ জানান, কাজটির সামান্য ত্রুটি রয়েছে। মেয়র মহোদয়ের নির্দেশে ঠিক করে দেব। তবে তিনি নিম্নমানের নির্মাণসাগ্রীর কথা স্বীকার করেন।
