এক দিনে ৬৫ মৃত্যু ৪৯ জনই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের

আপডেট : ০৩ মে ২০২১, ২২:৫০

দেশে করোনা ভাইরাসে গত এক দিনে আরো ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ জন ঢাকা বিভাগের, ১৭ জন চট্টগ্রাম বিভাগের, ছয় জন সিলেট বিভাগের, চার জন খুলনা বিভাগের এবং দুই জন করে রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৫ জনসহ দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১১ হাজার ৬৪৪ জনে দাঁড়াল। আর নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬৮২। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ৩ হাজার ৮৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২০টি ল্যাবে ১৯ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।    এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ১৮ হাজার ৪১০টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত এক দিনে মৃতদের মধ্যে ৪২ জন পুরুষ আর ২৩ জন নারী। তাদের ৪৫ জন সরকারি হাসপাতালে, ১৫ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন পাঁচ জন। তাদের মধ্যে ৩৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, আট জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১০ বছরের কম ছিল। এ পর্যন্ত মৃত ১১ হাজার ৬৪৪ জনের মধ্যে ৮ হাজার ৪৭৬ জন পুরুষ এবং ৩ হাজার ১৬৮ জন নারী।