মেয়র হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

আপডেট : ০৪ মে ২০২১, ০০:৩৭

রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে গতকাল রবিবার এক দুর্ঘটনায় অটোরিকশার এক জন যাত্রী নিহত হয়েছেন। নিহত শাহজাহান (৬০) মালিবাগ মৌচাকে ব্যবসা করতেন। রাতে সেখান থেকে নারায়ণগঞ্জের মদনগঞ্জে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিন সন্তানের জনক শাহজাহান। দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক সিরাজুল ইসলাম (৩০)। ময়নাতদন্তের জন্য শাহজাহানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন মৃধা জানান, ফ্লাইওভার দিয়ে গুলিস্তান থেকে সাইনবোর্ডগামী একটি পিকআপ ভ্যানের পেছন পেছন যাচ্ছিল অটোরিকশাটি। ফ্লাইওভারে টার্ন নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উলটে যায় এবং পিকআপ ভ্যানের পেছনে সেটির ধাক্কা লাগে। এতে শাহজাহান গুরুতর আহত ও চালক সামান্য আহত হন। বাকি দুই যাত্রীর তেমন চোট লাগেনি। আহত দুই জনকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, অটোরিকশাটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।