ভোলার চরফ্যাশনে চাঞ্চল্যকর ডাবল মার্ডারের রহস্য উদ্ঘাটন

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩০

ভাড়াটে খুনি গ্রেফতার

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে দুই ভাইকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় ভাড়াটে খুনি শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। এ নিয়ে ঐ  হত্যা মামলায় চার জনকে গ্রেফতার করা হলো।

গতকাল মঙ্গলবার দুপুরে ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি শরিফুল ইসলাম ভাড়াটে খুনি। দুই সহোদরকে খুন করতে তাকে আড়াই লাখ টাকায় ভাড়া করে চট্টগ্রাম থেকে চরফ্যাশনে আনা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বেলালসহ চার জন হত্যার সঙ্গে জড়িত। ডাবল মার্ডার ঘটনার এক মাসের মধ্যে পুলিশ হত্যা রহস্য উদ্ঘাটন করেছে। জমি বিক্রির টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এ ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে।