সরকারের সমালোচক দুস্থ সাংবাদিকের জন্যও সহায়তা :তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ মে ২০২১, ২২:৩২

 

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের সমালোচনাকারী সাংবাদিক যদি দুস্থ হন তার জন্যও কল্যাণ ট্রাস্টের সহায়তা উন্মুক্ত। গতকাল কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২০-২১ অর্থবছরের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব খাজা মিয়া বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। সাংবাদিকবান্ধব  আওয়ামী লীগ সরকার  গণমাধ্যমের স্বাধীনতা ও বিকাশ নিশ্চিত করেছে ও  তা অব্যাহত আছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম যে অবাধ স্বাধীনতা ভোগ করে, উন্নয়নশীল দেশের জন্য তা নজিরবিহীন। দেশের স্বার্থে,  বহুমাত্রিক সমাজব্যবস্থাকে এগিয়ে নেওয়া ও রাষ্ট্রের বিকাশের স্বার্থে এটি প্রয়োজন, সে বিশ্বাস নিয়েই আমরা কাজ করছি।’

তথ্যমন্ত্রী এ সময় তার উদ্যোগে রমজানের আগে দেওয়া করোনাকালীন বিশেষ বরাদ্দ ২ কোটি টাকা ঈদের আগে সাংবাদিকদের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

গণমাধ্যম নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘বিএনপি’র পক্ষ থেকে নানা সমালোচনা করা হয়, কেউ কেউ বিবৃতি দেয়, আবার কেউ কেউ জাতিসংঘের কাছে চিঠি লেখে। সেই চিঠি লেখা আর বিএনপির বিবৃতি আসলে একসূত্রে গাঁথা এবং এগুলো বৃহত্তর রাজনীতির একটা অংশ ছাড়া কিছু নয়।’