দোহার- নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
দোহারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও তা বাজারজাতকরণের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগিতা করে র্যাব-১১। জানা যায়, জয়পাড়া বৌবাজার এলাকার এক বাড়িতে দুইটি আলাদা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তৈরি করা হচ্ছিল সেমাই। অভিযানকালে কারখানার মালামাল জব্দ করে তা নষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহার প্রশাসন থেকে চলমান ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
