কে হচ্ছেন রামেবির পরবর্তী ভিসি

আপডেট : ০৫ মে ২০২১, ১৭:৫৯

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) বর্তমান ভিসি (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ডা. মাসুম হাবিবের মেয়াদ শেষ হয়েছে গত ২৯ এপ্রিল। ওই দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রামেবির কোষাধ্যক্ষ ড. রুস্তম আলী আহমেদকে পরবর্তী ভিসি যোগদান না করা পর্যন্ত রুটিন দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।  বুধবার (৫ মে) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত রামেবির ভিসি পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।   

এদিকে পরবর্তী ভিসি নিয়োগ না হওয়ায় ‘কে হচ্ছেন রামেবির পরবর্তী ভিসি?’ এ নিয়ে রাজশাহীর চিকিৎসক মহলে চলছে সরব আলোচনা। ভিসি পদে নিয়োগ পেতে প্রায় একডজন চিকিৎসকের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব নান্নু, ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মোস্তাক হোসেন তুহিন, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. নওশাদ আলী, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বুলবুল হাসান উল্লেখযোগ্য। 

তবে সদ্য বিদায়ী ভিসি ডা. মাসুম হাবিব ক্যান্সারে আক্রান্ত হওয়ায় এবং তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত প্রীতিসহ বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। নিজের অসুস্থতা ও উত্থাপিত অভিযোগ গোপন করে তিনি ভিসি পদে পুনর্নিয়োগ পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।  

সূত্র জানায়, উল্লিখিতদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব নান্নু বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ পদে টানা ৮ বছর দায়িত্ব পালন করেন। তার সফল নেতৃত্বে প্রায় একডজন বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু ও আসন বৃদ্ধিসহ শজিমেক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ৯ম বিসিএস’র স্বাস্থ্য ক্যাডারের এই প্রগতিশীল চিকিৎসক বিএমএর প্রাক্তন কাউন্সিলর ও স্বাচিপের আজীবন সদস্য। প্রশাসনিক কাজে দীর্ঘ অভিজ্ঞতা ছাড়াও বৃহত্তর রাজশাহী অঞ্চলের বাসিন্দা হওয়ায় তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। 

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক, স্বাচিপ নেতা ডা. মোস্তাক হোসেন তুহিনও আলাচনার তুঙ্গে রয়েছেন। তিনি ছাত্রাবস্থায় ছাত্রলীগের রামেক শাখার সাধারণ সম্পাদকও ছিলেন। 
জানতে চাইলে রামেবি’র সদ্য সাবেক ভিসি ডা. মাসুম হাবিব বলেন, আমার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার হচ্ছে। সরকার আমাকে আবারো ভিসি নিয়োগ দিবে বলে আমি আশাবাদী। 

অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব নান্নু বলেন, ‘আমি প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার যেখানে দায়িত্ব প্রদান করবে, আমি সেখানেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছি।’ ডা. মোস্তাক হোসেন তুহিন বলেন, ‘আমরা দুঃসময়ে রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। সরকার যেকোনো দায়িত্ব দিলে আমি তা পালন করবো। 

ইত্তেফাক/এনএ