ফ্রান্স-বেলজিয়ামের সীমান্তই পাল্টে দিলেন কৃষক

আপডেট : ০৫ মে ২০২১, ২০:২৯

ইউরোপে ফ্রান্স-বেলজিয়াম সীমান্তের সীমানা নির্দেশক পাথর সরিয়ে ফেলেছেন এক বেলজিয়ান কৃষক। জমির রাস্তা পরিষ্কারের সময় পাথরটিকে সাধারণ পাথর ভেবেই একাজ করেন তিনি। বুধবার (৫ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। কৃষকের এই কাণ্ডের ফলে ফ্রান্সের সীমানা সামান্য ছোট হয়ে বেলজিয়ামের সীমানা বেড়ে গেছে।

বেলজিয়ামের এরকুয়ালাইন্স শহরের মেয়র ডেভিড লেভোক্স জানান, সে (কৃষক) বেলজিয়ামকে বড় আর ফ্রান্সকে ছোট বানিয়ে ফেলেছে। যদিও এটা খুব বুদ্ধিমানের কাজ নয়। এর কারণে দুই জমির মালিকদের মাথাব্যথা শুরু হয়ে গিয়েছে। দুই দেশের কথা না হয় বাদই দিলাম। 

সীমানা চিহ্নিত করার পাথরটি ২ দশমিক ২০ মিটার সরে গেছে। অন্যদিকে ওই কৃষককে পাথরটি আবার আগের জায়গায় প্রতিস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্যা সমাধানের জন্য তার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। সীমান্তের ফরাসি অংশে বিষয়টি প্রথম চিহ্নিত করেন ইতিহাসবিদদের একটি দল। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

ইত্তেফাক/এসএ