চঞ্চল চৌধুরী হঠাত্ করে চাকরি হারিয়ে প্রায় পথে বসে যাচ্ছিল। প্রাত্যহিক চলার টাকা, বাসা ভাড়া, সংসার খরচ কিভাবে জোগাড় করবে, তার মাথায় কিছুই কাজ করছিল না। তিন মাসের বাড়িভাড়ার তাগাদা সহ্য করতে না পেরে বউ শবনম ফারিয়াও চঞ্চলকে ছেড়ে বোনের বাড়িতে চলে গেছে। আপাতত চলার জন্য চঞ্চল কোটিপতি মামার দারস্থ হয়েও ব্যর্থ হয়, মামা তাকে এক টাকা দিয়েও সাহায্য করে না। ওদিকে চঞ্চলের আগের অফিস থেকে তিন মাসের বেতন পাওনা। অফিসের বস কিছুতেই সেই টাকা দিচ্ছে না। ওই টাকার জন্য তিন বেলা অফিসে ঘুরে ঘুরে সে এখন ক্লান্ত।
এরকম এক মহাবিপদের দিনে গুপ্তধন পাওয়ার মতোই এক জায়গা থেকে সে আকস্মিকভাবে তিন বস্তা টাকা পেয়ে যায়। আর এর মধ্য দিয়েই তার অন্ধকার দিনগুলো আলোতে ঝলমল করে উঠে। এত এত টাকা দিয়ে সে এখন কী করবে? চঞ্চল বিষয়টিকে গোপন রাখারও প্রয়োজন মনে করে না। সে ফোন করে কাছের সবাইকে জানিয়ে দেয়। অলরেডি টাকার গন্ধে ছুটে আসে বন্ধু-বান্ধব, দূরের ও কাছের আত্মীয়-স্বজন। তাদের পরামর্শ ও পরিকল্পনায় চলতে থাকে মিটিংয়ের পর মিটিং। বাড়ি ভরে যায় মিষ্টিতে ও নানান ধরনের উপহারে। প্রশ্ন হলো, কোথায় পেল সে এত টাকা? কীভাবে? এই রহস্যের জট খুলতে খুলতে এগিয়ে যাবে নাটকের কাহিনি। এতে চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনীন, মতিউর রহমান, আহসান কবির, সিলভিয়া, আল আমীন সবুজ, ইকবাল হোসেন, শহিদুল মুরাদ প্রমুখ। বাংলাভিশনে ঈদের অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ‘হঠাত্ বাদশা’ নাটকটি।
