সিটি গার্ল দিশা

আপডেট : ০৫ মে ২০২১, ২১:১৩

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

বলিউডের ভাইজান, সবার প্রিয় তারকা সালমান খান এবারের ঈদ উত্সবে দর্শকদের সামনে আসছেন রাধে হয়ে। তার অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রাধে:ইয়্যুর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাচ্ছে। গত বছরের ঈদ উত্সবে মুক্তির জন্য নির্ধারিত থাকলেও করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও এবছর ছবিটি মুক্তি পাচ্ছে। বর্তমানেও ভারতজুড়ে করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই সালমান খানের নতুন এ ছবিটি ঈদ উত্সবে দর্শকদের সামনে আনার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাচ্ছে এই ছবিটি। গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ঈদ উত্সব মানেই সালমান খানের নতুন সিনেমা— তেমন একটি ধারণার সৃষ্টি হয়েছে। প্রায় প্রতি বছরেই ঈদে নিজের অভিনীত নতুন সিনেমা নিয়ে উপস্থিত হন ভাইজান।

করোনা মহামারির মারাত্মক ভয়াবহ পরিস্থিতিতেও সালমান খানের মুক্তি প্রতীক্ষিত নতুন ছবি ‘রাধে’র দুটি গান ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। গান দুটি মুক্তির পর ইউটিউবে কোটি কোটি দর্শক দেখছেন। ইতিমধ্যে দর্শক সংখ্যার বিচারে অতীতের অনেক সাড়া জাগানো জনপ্রিয় গানকে পেছনে ফেলেছে সালমানের নতুন দুই গান। দুটি গান হলো ‘সিটি মার’ এবং ‘দিল দে দিয়া’। যা এই সময়ে অনলাইনে বেশ দাপট নিয়ে অবস্থান করছে। ‘রাধে’ ছবিতে ৫৫ বছর বয়সী সালমান পর্দায় জুটি বেঁধেছেন ২৮ বছর বয়সী সুন্দরী গ্ল্যামারাস, তন্বী নায়িকা দিশা পাটানির সঙ্গে। ‘সিটি মার’ গানটিতে সালমান খানের সঙ্গে তার দুর্দান্ত রসায়ন এর মধ্যেই দর্শকদের চমকিত করেছে। ‘রাধে’ ছবিতে দিশা পাটানির সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য নিয়েও হালে বেশ আলোচনা হচ্ছে। বরাবরই নায়িকার সঙ্গে চুম্বন দৃশ্য-বিরোধী মনোভাবের প্রকাশ ঘটিয়ে আসা বলিউডের এই সিনিয়র সুপারস্টার নায়ক হঠাত্ করে দিশা পাটানির সঙ্গে কীভাবে চুম্বন দৃশ্যে অভিনয় করলেন— এরকম প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সালমান খানের গত কয়েকটি সিনেমা বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হওয়ায় এবার তার ‘রাধে:ইয়্যুর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি নিয়ে কিছুটা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে আছেন। যে কারণে সালমান তার এতদিনের নীতিকে জলাঞ্জলি দিয়ে নায়িকা দিশা পাটানির সঙ্গে লিপলক চুম্বন দৃশ্যে অভিনয়ের মাধ্যমে আলাদা সারপ্রাইজ দিতে চাইছেন। দর্শক টানার কৌশল হিসেবে তেমনটি করেছেন বলে কথা রটেছে। তবে শেষ পর্যন্ত সালমান সবার সেই ধারণা ভেঙে দিয়ে বলেছেন, রাধে ছবিতে দিশার সঙ্গে সরাসরি লিপলিক চুম্বন দৃশ্যে অভিনয় করেননি তিনি। চুম্বন করলেও তখন দিশার ঠোঁটের ওপর টেপ লাগানো ছিল। তাই তিনি দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন। সব মিলিয়ে আলোচ্য ছবিটিতে সুপারস্টার সালমান খানের সঙ্গে পর্দাজুটি বেঁধে রীতিমতো সেনসেশন সৃষ্টি করেছেন দিশা পাটানি। ২০১৬ সালে ‘এম এস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করে এর মধ্যে পাঁচ বছর সময় পার করেছেন তিনি। এই সময়ে খুব বেশি এগিয়েছেন তা হয়তো বলা যাবে না। তবে এবার ভাইজান সালমান খানের সঙ্গে রূপালি পর্দায় তার উপস্থিতি বেশ ঝড় তুলেছে। ‘রাধে’ ছবিটি মুক্তির আগেই দিশাকে নিয়ে তুমুল হইচই, আলোড়ন শুরু হয়ে গেছে। অনেকেই তাকে ‘সিটি গার্ল’ নামে ডাকতে শুরু করেছে ইতিমধ্যে। ব্যাপারটা বেশ উপভোগ করছেন দিশা।