মানিকছড়িতে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০৫ মে ২০২১, ২১:৪০

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

মানিকছড়িতে বুধবার সকালে কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেকের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ডাইনছড়ি এলাকার মৃত আলী হোসেনের ছেলে। আবদুল ছাদেক এক সময়ে জিপচালক ও পরবর্তী সময়ে চালক সমিতির সভাপতি ছিলেন। 

মানিকছড়ি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ওসিসহ পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কাঠ ব্যবসায়ী আবদুল ছাদেকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ধরন দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে নিহতের ব্যবসা, পারিবারিক বিষয়সহ নানা বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। গুরুত্ব দিয়ে ক্লু উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।