ইত্তেফাক রিপোর্ট
পুরান ঢাকার ঠাঁটারিবাজার এলাকার চাঁদাবাজ ‘হাতুড়ি বাহিনী’র কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকাবাসী। তাদের অত্যাচার থেকে বাঁচতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সুদৃষ্টি কামনা করে গতকাল ঠাঁটারিবাজারের বিসিসি রোডে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় হকার্স লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, ঠাঁটারিবাজার এলাকার বিসিসি রোডের কয়েকটি বাড়ি হাতুড়ি বাহিনীর সদস্যরা দখল করে নিয়েছে। ভুক্তভোগীরা জানান, চাঁদাবাজদের অত্যাচার থেকে বাঁচতে কয়েক দফা মানববন্ধন কর্মসূচি পালন করেও কোনো সুরাহা মেলেনি। বরং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে। মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগের সভাপতি শেখ মো. সোহেলসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।
