খুলনায় দৈনিক কোটি টাকার তরমুজ বিকিকিনি

আপডেট : ০৫ মে ২০২১, ২২:১৬

প্রচণ্ড গরম ও রোজায় একটু প্রশান্তি পেতে তরমুজের জুরি নেই। তরমুজের শরবত ইফতারিতে বাড়তি তৃপ্তি এনে দেয়। ফলে খুলনায় ক্রমেই চাহিদা বেড়ে চলেছে সুমিষ্ট এ ফলের। জেলার পাঁচ উপজেলা থেকে প্রতিদিন ১ কোটি টাকার ওপরে তরমুজ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

খুলনার পাঁচ উপজেলা দাকোপ, পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া ও বটিয়াঘাটায় তরমুজ উত্পাদন হয়। চাষিরা সরাসরি তরমুজ খেত থেকে খুলনা মহানগরীর বড়োবাজারের কদমতলার আড়তে নিয়ে আসেন। এখান থেকে ট্রাকে করে তরমুজ ফেনি, চৌমোহনী, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, চকরিয়া, টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায়।

কদমতলার মেসার্স আঁচল বাণিজ্য ভান্ডারের প্রোপাইটার ও কদমতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সাহা বলেন, খুলনার বাজারে প্রতিদিন তরমুজের চাহিদা ২ লাখ। যার বাজার মূল্য রয়েছে ন্যূনতম ১ কোটি টাকা। যার চাহিদা মেটাতে সক্ষম হয়েছেন খুলনার ব্যবসায়ীরা।