দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। যা পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ এরচেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত ৩০ মার্চ; সেদিন ৪৫ জনের মৃত্যু হয়েছিল। এরপর গত ৩৫ দিনে তা পঞ্চাশের নিচে নামেনি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১ হাজার ৭৪২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৭৫৫ জনে পৌঁছেছে। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ৩ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২৭টি ল্যাবে ২০ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৬০ হাজার ৬৭৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ৯৪ হাজার ৩৮৪টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ লাখ ৬৬ হাজার ২৯৪টি। গত এক দিনে যারা মারা গেছেন তাদের ৩২ জন পুরুষ আর নারী ১৮ জন। তাদের ৩৫ জন সরকারি হাসপাতালে, ১২ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন তিন জন। তাদের মধ্যে ৩০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ২৮ জন ঢাকা বিভাগের, ১৬ জন চট্টগ্রাম বিভাগের, এক জন রাজশাহী বিভাগের, তিন জন খুলনা বিভাগের এবং দুই জন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১১ হাজার ৭৫৫ জনের মধ্যে ৮ হাজার ৫৪৪ জন পুরুষ এবং ৩ হাজার ২১১ জন নারী।
