ট্রাক চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

আপডেট : ০৬ মে ২০২১, ০৪:০০

ট্রাক চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী সাব্বির হোসেন নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে সিলেটের সুবিদবাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নড়াইলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেল চালানোকালীন সিলেটের সুবিদবাজার পয়েন্টে সাব্বিরকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে সাব্বির ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে শাবি প্রক্টর সহকারী অধ্যাপক মো. আবু হেনা পহিল বলেন, নিহত শিক্ষার্থীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মামলা দায়ের করা হবে। সাব্বিরকে ধাক্কা দেওয়া ট্রাকের চালকসহ ২জন পুলিশের কাছে আটক রয়েছে বলে জানান শাবি প্রক্টর।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফরহাদ বলেন, দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। ট্রাক আটক করা হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/বিএএফ