ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল বুধবার মমতা ব্যানার্জিকে লেখা এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যবোধ ‘ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ’ ধারণ করেছেন এবং এক্ষেত্রে বঙ্গবন্ধু সারা জীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমত্কার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং সাম্প্রতিক বছরে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরো প্রসারিত হয়েছে। অবিভক্ত ইতিহাস, সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ এবং বংশানুক্রমিক সংযোগ দুই দেশের জনগণের সম্পর্ককে অনন্য ও শক্তিশালী করেছে। বিশেষ করে, পশ্চিমবঙ্গের জনগণ বাংলদেশিদের হূদয়ে বিশেষ স্থান দখল করে রেখেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপনের এই বিশেষ বছরে আমি মুক্তিযুদ্ধ পশ্চিমবঙ্গের জনগণসহ ভারতের জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ও আত্মত্যাগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার অঙ্গীকার ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধান হবে বলে বিশ্বাস করি। ড. মোমেন আরো বলেন, অজানা শত্রু করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন। এ প্রেক্ষাপটে দুই দেশের পারস্পরিক সম্পদ ও অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের কল্যাণে কাজ করে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলে সম্মিলিতভাবে এ মহাবিপদ থেকে মুক্ত হয়ে শিগিগরই স্বাভাবিক জীবন ও জীবিকায় ফিরতে পারব।
