পদ্মায় অবৈধভাবে স্পিডবোট পারাপার ঠেকাতে শিমুলিয়া ঘাটে ব্যারিকেড দিয়েছে পুলিশ। নৌ-দুর্ঘটনায় ২৬ জন নিহতের পর শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে স্পিডবোট চলাচল বন্ধে এ পদক্ষেপ নিয়েছে নৌ-পুলিশ। গতকাল বুধবার বিকালে স্পিডবোট ঘাটের প্রবেশমুখে বাঁশ ও নদীর অংশে চারদিকে রশি-লাল কাপড়ে ব্যারিকেড দেয় মাওয়া ফাঁড়ির নৌ-পুলিশ। এর ফলে ঘাটে স্পিডবোট ও যাত্রীদের প্রবেশের সুযোগ বন্ধ হচ্ছে। পাশাপাশি স্পিডবোট ঘাটে অবস্থান নিয়েছে নৌ-পুলিশের বেশ কয়েক জন সদস্য।
মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, আগামী ১৬ মে পর্যন্ত যাতে কোনো ধরনের স্পিডবোট, ট্রলার চলাচল করতে না পারে সেজন্য রশি, বয়া, লাল কাপড় দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। স্পিডবোটের ঘাট এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। নজরদারির জন্য মোতায়েন রয়েছে নৌ-পুলিশ।
গত সোমবার মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের কাছে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হওয়ার পর এ কড়াকড়ি অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।
