আগামী ১৫ জুন অনুষ্ঠেয় মাসব্যাপী জাতীয় চারুকলা প্রদর্শনীর ২৪তম আসরকে সামনে রেখে শিল্পীদের কাছ থেকে শিল্পকর্ম আহ্বান করা হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের নানা প্রান্তের শিল্পীরা ইতিমধ্যে শিল্পকর্মের ইমেজ পাঠানো শুরু করেছেন। শিল্পকর্মের সেসব ইমেজ থেকে শিল্পকর্ম নির্বাচন কমিটির মাধ্যমে নির্বাচিত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী হবে।
শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম জানান, এ বছর ভিন্ন এক বাস্তবতায় অনুষ্ঠিত হবে জাতীয় চারুকলা প্রদর্শনী। মহামারির কারণে চারুশিল্পের জাতীয় পর্যায়ের আয়োজনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে না। সকল প্রকার সতর্কতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই এ প্রদর্শনী হবে।
একুশ বছরের ঊর্ধ্বে যে কোনো শিল্পী অংশ নিতে পারবেন এ প্রদর্শনীতে। প্রাথমিক পর্যায়ে প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য শিল্পকর্মের রঙিন আলোকচিত্র বা ডিজিটাল ইমেজ জমা দিতে হবে। এক জন শিল্পী সর্বোচ্চ তিনটি শিল্পকর্ম জমা দিতে পারবেন। গত ১৩ এপ্রিল থেকে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগে শিল্পকর্ম জমা নেওয়া হচ্ছে। তবে বর্তমানে মহামারি এবং লকডাউনের দুঃসময়ে সরাসরি জমাদানের পাশাপাশি একাডেমির ই-মেইলেও জমা দেওয়া যাবে এ শিল্পকর্ম। আগামী ১২ মে পর্যন্ত প্রদর্শনীর জন্য আহ্বানকৃত শিল্পকর্মের ইমেজ জমা নেওয়া হবে।
প্রদর্শনীর জন্য নির্বাচিত একটি শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে ২ লাখ টাকা মূল্যমানের ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার’ প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে চারটি সম্মাননা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও থাকবে একাধিক বিশেষ পুরস্কার।
