শ্রীলঙ্কা সিরিজ: ঈদের পর বাংলাদেশের দল ঘোষণা

আপডেট : ০৬ মে ২০২১, ২০:৩৯

শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কা ফেরত সবাইকে তিনদিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। কোয়ারেন্টাইন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার (৭ মে) অনুশীলনে নামবেন তামিম-মুশফিকরা। বৃহস্পতিবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই জানিয়েছেন।

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ঈদুল ফিতরের পর। দেশের মাটিতে তিন ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল গড়বেন নির্বাচকরা। নান্নু বলেছেন, ওয়ানডে দল ঈদের পর দেওয়া হবে। সেটা ১৮ মে হতে পারে। শুক্রবার থেকে পুরো দল অনুশীলন করবে।

হোম সিরিজের জন্য প্রাথমিক দলের অনুশীলন শুরু হয়েছিল গত ২ মে। ছয় ক্রিকেটার টানা অনুশীলন করেছেন। বৃহস্পতিবার অবশ্য বিশ্রাম ছিল তাদের। বিসিবির পাঠানো সূচি অনুযায়ী আজ পুরো প্রাথমিক দল এক সঙ্গে অনুশীলনে নামার কথা। লঙ্কা সফরের টেস্ট দলে ছিলেন ওয়ানডের প্রাথমিক দলে থাকা ৯ ক্রিকেটার। তাই আজ থেকেই শ্রীলঙ্কা ফেরত লিটন, মুশফিক, তামিম, মিঠুন, তাইজুল, শান্ত, মিরাজ, তাসকিন, শরীফুলরা অনুশীলনে নেমে যাবেন।

মিরপুর স্টেডিয়ামে দুপুর ২টা থেকে অনুশীলন শুরু হবে। ঈদের আগে অনুশীলন হবে তিনদিন। তারপরই ঈদের ছুটি পাবেন ক্রিকেটাররা। ১৭ মে পর্যন্ত ছুটি থাকবে। 

আগামী ১৬ মে বাংলাদেশে চলে আসবে শ্রীলঙ্কা দল। তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে লঙ্কানরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় বাংলাদেশ সফরে তারুণ্য নির্ভর দল গড়ার চিন্তা করছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারতেœকে সরিয়ে কুশল পেরেরাকে ওয়ানডে অধিনায়ক করতে যাচ্ছে দেশটি। তার ডেপুটি হতে পারেন কুশল মেন্ডিস। ম্যাথুস, চান্দিমালের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা বাদ পড়তে পারেন ওয়ানডে দল থেকে। বাদ পড়ার ইঙ্গিত পেয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরা।  

ইত্তেফাক/এসজেড