ইত্তেফাকের সাবেক পাবনা প্রতিনিধি আনোয়ারুল হক আর নেই

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:২১

দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ভাষা সৈনিক আনোয়ারুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আনোয়ারুল হক দীর্ঘদিন শারীরিক বিভিন্ন জটিল রোগে শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর পাবনা চাঁপা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে আনোয়ারুল হককে সদর আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে তার মরদেহ প্রেসক্লাব চত্বরে আনা  হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১ মে প্রতিষ্ঠিত পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আনোয়ারুল হক। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মহান ভাষা আন্দোলনে তার ভূমিকা ছিলো। তিনি ১৯৬৭ সালের ভুট্টা আন্দোলনের সৈনিক ছিলেন।

আরো পড়ুন: নির্মাণ হচ্ছে ১ হাজার ‘গরু আশ্রম’, ২৩ টাকা ‘ভাতা’ গরু প্রতি

আনোয়ারুল হকের মৃত্যুতে স্কয়ার টয়লেট্রিজর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মতুর্জা বিশ্বাস সনি, সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, ক্যাব সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, রিপোটার্স ইউনিটি, সংবাদপত্র পরিষদ, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি, ইয়াং জার্নালিস্ট ফোরাম, পাবনা ড্রামা সার্কেলসহ পাবনায় কর্মরত সকল গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন  গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
ইত্তেফাক/বিএএফ