তিতাসে খাওয়ার পানির তীব্র সংকট

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১১

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাসে ভূগর্ভস্থ (মাটির তলদেশ) পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি। সমস্যাটি গত দুই মাস থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লক্ষ করা যাচ্ছে। পানির তীব্র সংকট বিরাজ করছে চরাঞ্চলের অর্ধশতাধিক গ্রামে। স্থানীয় জলাশয়গুলোতেও রয়েছে পর্যাপ্ত পানির অভাব। বিশেষ করে ডোবানালা, জলাশয় ভরাট হওয়ায় পানির সংকট আরো তীব্র হয়েছে।  কড়িকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কালাম জানান, যে মোটর দিয়ে ১৫ মিনিটে ট্যাংকি ভর্তি হতো তা এখন এক ঘণ্টায়ও ভর্তি হয় না। গত এক মাস ধরে এ সমস্যা পোহাতে হচ্ছে।  প্রথম সাতানী গ্রামের মো. আব্দুর রহমান জানান, বাসার মোটরেও পানি উঠছে না। দুই একটি কলে পানি উঠলেও তা পরিমাণে অনেক কম। মজিদপুর গ্রামের সবুজ মিয়া বলেন, আমার বাড়ির নলকূপটি ৮০০ ফুট গভীর অথচ পানি উঠছে না। সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার জানান, দীর্ঘদিনের অনাবৃষ্টি এবং জমিতে পানি দেওয়ার স্কিমগুলোর সচল থাকায় এ অঞ্চলে এ সংকট তৈরি হয়েছে। এলাকার জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে নিরাপদ ও ব্যবহার উপযোগী পানির চরম অভাব। এ বিষয়ে তিতাস উপজেলার সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. আবুল হাসেম জানান, আগের কিছু নলকূপের এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে যেসব নলকূপ বসানো হচ্ছে সেগুলোতে এ ধরনের কোনো সমস্যা নেই এবং পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ হচ্ছে।