বোরো ধানে ব্লাস্ট রোগের আক্রমণ শঙ্কায় কাহারোলের কৃষক

আপডেট : ০৬ মে ২০২১, ২২:১২

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

চলতি বোরো মৌসুমে দিনাজপুরের কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় ব্রি-২৮ জাত ধানে ব্যাপকহারে নেক ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৫৮, ব্রি-৬৭, ব্রি-৭৪, ব্রি-৮১, ব্রি-৮৯ জাতের ধান আবাদ করা হয়েছে। তার মধ্যে বেশির ভাগ জমিতে ব্রি-২৮ জাতের ধান চাষ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অল্প কিছু জমির ধান কাটা শুরু হয়েছে। এর মধ্যে ব্লাস্ট রোগ ব্রি-২৮ ধানে ব্যাপকভাবে লেগেছে। পূর্ব সুলতানপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম ৫০ শতক জমি ব্রি-২৮ ধান আবাদ করেছেন। তার মধ্যে অর্ধেক জমিতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। তিনি বলেন, ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না। উপজেলার বলেয়া, ভবানীপুর, চামদুয়ারী, ঘাসিয়ারা এসব এলাকার বোরো ধানখেতে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেওয়ায় শঙ্কায় রয়েছেন কৃষকরা। এ ব্যাপারে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, কিছু কিছু জায়গায় ধানে ব্লাস্ট রোগ দেখা গেছে। কৃষি বিভাগ থেকে টুপার, সেলটিমা, ফিলিয়া, জিলসহ বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠে কৃষকদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।