রাজশাহীর তানোরের গ্রামে দুই দিনে অজ্ঞাত রোগে শিশুসহ চারজনের মৃত্যুর কারণ খুঁজতে মেডিকেল টিম বহরইল ভান্ডারইল গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. রোজিয়ারা বেগমের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল টিম নিহত চারজনের বাড়িতে গিয়ে মৃত্যুর বিবরণ শুনেন।
টিমের সদস্যরা সকাল থেকে দুপুর পর্যন্ত ওই গ্রামের মানুষের সাথে কথা বলেন। এ সময় তারা গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। এদিকে মেডিকেল টিমের আশ্বাস সত্ত্বেও বাধাইড় ইউনিয়নের ওই গ্রামের মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
অন্যদিকে বুধবার পর্যন্ত আতঙ্কিত ওই গ্রামের নারী-পুরুষ মিলিয়ে ১২ জন সামান্য জ্বর-সর্দির কারণে ভীত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া মেহেরজান বিবিকে (৬৫) তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হওয়া মেহের জান বিবির ছেলে গোলাম মোস্তফা বুধবার বলেন, গ্রামের চারজনের মৃত্যুর পর সবার মধ্যে ভীতি কাজ করছে। আমার মাও ভয় করছেন। সে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: লাঙ্গল প্রতীকে মেয়র নির্বাচন করবেন শাফিন আহমেদ
বাধাইড় ইউপি সদস্য আব্দুর লতিফ বলেন, এক সঙ্গে গ্রামের চারজন মানুষ মারা যাওয়ায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। কেই বলছে জ্বীনের আছর। কেউ বলছে কোন অজ্ঞাত রোগ। তাই দুই দিন যাবৎ গ্রামের মানুষেরা সন্ধ্যা না নামতেই বাড়িতে ডুকে যাচ্ছেন। কেউ বাইরে থাকছেন না। যা মেডিকেল টিমের সদস্যরা সরজমিনে গ্রামে দেখে গেছেন।
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. রোজিয়ারা বেগম বলেন, এক গ্রামের চারজনের সকলেই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। এখানে কোন অজ্ঞাত রোগে মারা যাওয়ার কোন কিছু খুঁজে পাওয়া যাইনি। আমরা চার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি উল্লেখ করে গ্রামবাসীকে আতঙ্ক না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
