গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বাসচাপায় ব্যাটারিচালিত অটো-রিকশার আরোহী শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক আহত হয়েছেন। নিহতরা হলেন চাঁদপুর জেলার হাইমচর থানার ছোট লক্ষীপুর গ্রামের আবুল বেপারীর স্ত্রী মহিমা খাতুন ও তার পুত্রবধূ ফাতেমা খাতুন। তারা পরিবারের সঙ্গে মহানগরীর সালনার টেকিবাড়ী এলাকায় বসবাস করতেন।
বাসন মেট্রো থানার ওসি কামরুল ফারুক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে শাশুড়ি ও পুত্রবধূ একটি অটোরিকশা যোগে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ঐ স্থানে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিসম্পন্ন একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত চালককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
