আমেরিকা থেকেও শেয়ারবাজারে বিনিয়োগের আগ্রহ

আপডেট : ০৬ মে ২০২১, ২২:২০

গোলটেবিল আলোচনায় বিএসইসি চেয়ারম্যান

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে অর্থ কোনো সমস্যা না উল্লেখ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, প্রচুর বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আমেরিকা থেকেও বিনিয়োগের জন্য যোগাযোগ করছে। তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে আরো চার-পাঁচটি নতুন কোম্পানিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটিজ অ্যাসোসিয়েশন (ভিসিপিয়াব) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) যৌথভাবে এ আয়োজন করে। ‘ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড স্টার্টআপস ফর এ পোস্ট-কোভিড রেসিলিয়েন্ট ইকোনমি’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, স্টার্টআপ কোম্পানিগুলো ভালোই করছে। এই খাতের সহযোগিতা পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে। একই সঙ্গে আজকের আলোচনার বিভিন্ন বিষয় নিয়ে বাজেটকে কেন্দ্র করে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত বিনিয়োগের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এ তালিকায় সিঙ্গাপুর ও দুবাই রয়েছে। এমনকি আমেরিকা থেকেও বিনিয়োগের জন্য যোগাযোগ করছে। তাই অর্থ কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, আমরা অনেক পিছিয়ে রয়েছি। স্বাধীনতার সময় আমাদের যে লক্ষ্য ছিল, তা পূরণ হয়নি। আমাদের গতি বাড়াতে হবে। ১৫ বছর আগের ভিয়েতনামের দিকে তাকালেও আমরা কোথায় আছি, সেটা বুঝতে পারব। কিছু দুষ্টলোকের কারণে আমাদের এই অবস্থা। এ সময় এসএমই বোর্ড নিয়েও কথা বলেন বিএসইসির চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমান কমিশন ব্যবসাবান্ধব। আমরা ব্যবসাকে সহজ করে দেওয়ার জন্য কাজ করছি।

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ১৫ বছরে বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট তৈরিকারী ব্যবসায় উদ্যোগী হবে এবং বিশ্বের অধিকাংশ জনগণ এসব কোম্পানি থেকেই পণ্য ও সেবা গ্রহণ করবেন। এটি আমাদের কোভিড-১৯ এর মতো মহামারিতে কম ক্ষতিগ্রস্ত হতে এবং একটি স্থিতিশীল অর্থনীতি তৈরিতে সহায়তা করবে। এই ইমপ্যাক্ট ইকোসিস্টেমকে সহায়ক নীতিমালা ও ট্যাক্স ছাড়ের মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ঘটাতে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা যেমন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালন, আইসিটি বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ডকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার প্রফেসর ড. শেখ সামছুদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। ভিসিপিয়াব সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাধারণ সম্পাদক মুনির হোসেন।