গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু গৃহকর্মী জেলাল মিয়াকে নির্যাতনের প্রতিবাদে ও তার সুচিকিত্সার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে প্রায় ২ ঘণ্টা পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার কোমরপুর চারমাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর চামাথার মৃত সিরাজুল ইসলামের পুত্র জেলাল মিয়াকে (১১) গৃহকর্মী হিসেবে পার্শ্ববতী পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মফিজুল হকের পুত্র রিয়াদ মিয়া তার ধানমন্ডির ঢাকা বাসায় নিয়ে যায়। দুই বছর আগে নিয়ে গেলেও জেলালকে আর তার পিতা-মাতা ও স্বজনদের সঙ্গে সাক্ষাত্ করতে দেয়নি। গত বুধবার রাতে জেলালকে কোমরপুর বাড়িতে এনে পরদিন বৃহস্পতিবার সকালে স্বজনের হাতে বুঝিয়ে দিতে গেলে জেলালের শরীরিক অবস্থা দেখে মা ও স্বজনরা কান্নায় ভেঙে পরে। এ সময় জেলাল তার ওপর নির্যাতনের বর্ণনা দেয়। নির্যাতনের ঘটনা শুনে এলাকাবাসী ক্ষোভে ফেটে পরে। তারা বেলা ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে দোষী ব্যক্তির শাস্তি দাবি করতে থাকে।
এ ব্যাপারে অভিযুক্তদের কারো বক্তব্য পাওয়া যায়নি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, নির্যাতনের স্থান ঢাকায় নির্যাতিতের পক্ষে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
