দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত ২৮ মার্চ; সেদিন ৩৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ৩৭ দিনে মৃত্যুর সংখ্যা এর নিচে নামেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১ হাজার ৮২২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জন। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৭৯৬ জনে পৌঁছেছে। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ৩ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৭ লাখ ২ হাজার ১৬৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২৮টি ল্যাবে ২১ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৮২ হাজার ২৬৩টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ২২ জন পুরুষ আর নারী ১৯ জন। তাদের ২৬ জন সরকারি হাসপাতালে, ১৪ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন এক জন।
