একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন মালির এক নারী

আপডেট : ০৭ মে ২০২১, ০০:৩০

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ২৫ বছর বয়সি এক নারী একসঙ্গে ৯টি সন্তান জন্ম দিয়েছেন। ডাক্তাররা ধরে নিয়েছিলেন, তিনি সাতটি সন্তান প্রসব করতে যাচ্ছেন। কারণ তার স্ক্যান পরীক্ষায় তেমনটিই ধরা পড়েছিল। হালিমা সিসে তার সন্তান জন্ম দিয়েছেন মরক্কোয়। ৯ সন্তানের মধ্যে পাঁচটি কন্যা ও চার পুত্র। বিশেষ তত্ত্বাবধানে সন্তান প্রসবের জন্য মালির সরকার তাকে মরক্কোয় পাঠিয়েছিল।

বিবিসিকে হালিমার স্বামী বলেন, ‘আমি খুবই খুশি। আমার স্ত্রী ও বাচ্চারা সবাই ভালো আছে। যুক্তরাষ্ট্রে এক নারী ২০০৯ সালে একসঙ্গে আটটি শিশুর জন্ম দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠিয়েছিলেন। একসঙ্গে সর্বাধিকসংখ্যক জীবিত শিশুর জন্ম দেওয়ার ক্ষেত্রে এত দিন এটাই ছিল গিনেসে নথিভুক্ত বিশ্ব রেকর্ড।

এর আগেও একসঙ্গে ৯টি শিশু প্রসবের ঘটনা নথিভুক্ত হয়—একটি অস্ট্রেলিয়ায় ১৯৭১ সালে এবং অন্যটি মালয়েশিয়ায় ১৯৯৯ সালে। কিন্তু দুটি ক্ষেত্রেই সব কয়টি শিশু কয়েক দিনের মধ্যেই মারা যায়।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি এ ঘটনায় মালি ও মরক্কোর চিকিত্সক দলকে অভিনন্দন জানিয়েছেন। হালিমা সিসে তার শিশুদের জন্ম দিয়েছেন মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় যে আইন বর্জা ক্লিনিকে। তার মেডিকেল পরিচালক অধ্যাপক ইউসেফ আলাউয়ি এএফপিকে বলেন, এটি অতি বিরল ঘটনা, খুবই অভিনব। পূর্ণতা না পাওয়া শিশুগুলোর প্রসবে সেখানে সাহায্য করেছেন ১০ জন ডাক্তার এবং ২৫ জন প্যারামেডিক বা সহযোগীর একটি দল।

একেকটি শিশুর ওজন ৫০০ গ্রাম থেকে ১ কেজির শধ্যে। তাদের এখন দুই থেকে তিন মাস ইনকিউবেটরে রেখে বড় করা হবে।

হালিমা সিসের গর্ভধারণের ঘটনাটি নিয়ে মালিতে বিপুল উত্সাহ তৈরি হয়েছে বলে জানাচ্ছে রয়টার্স বার্তা সংস্থা। মালির চিকিত্সকেরা হালিমার স্বাস্থ্য এবং প্রসবের পর শিশুগুলোর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। ফলে সরকার এক্ষেত্রে হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয়।

গর্ভে একাধিক সন্তান ধারণের কারণ কী?

নাইরোবিতে বিবিসির স্বাস্থ্যবিষয়ক সংবাদদাতা রোডা ওধিয়াম্বুর বলছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় এ ধরনের গর্ভধারণ খুবই বিরল। বেশির ভাগ ক্ষেত্রেই এটা ঘটে উর্বরতা চিকিত্সার কারণে, যদিও হালিমা সিসের ক্ষেত্রে এটাই কারণ কি না, তা জানা যায়নি। কেনিয়ার কেনিয়াট্টা ন্যাশনাল হসপিটালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিল কালুমি বলছেন, সচরাচর উর্বরতা বাড়ানোর চিকিত্সা নিলেই একমাত্র এত অধিকসংখ্যক শিশু গর্ভে আসা সম্ভব।