তাইওয়ানে জুডো শিখতে গিয়ে আহত হয়ে কোমায় চলে গেছে এক সাত বছরের শিশু। জুডো ক্লাসে শিশুটিকে ২৭ বারের বেশি অমানবিকভাবে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। শুক্রবার (৭ মে) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এ ঘটনায় জুডো কোচ হো'কে দায়িত্বে অবহেলার সন্দেহে আটক করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শিশুটির নাম ওয়েই ওয়েই। গত এপ্রিলের শুরুতে সে জুডো শেখার আগ্রহ প্রকাশ করে। অনুশীলন শুরু করার দুই সপ্তাহ পর একদিন জুডো ক্লাসে ওয়েই এর চেয়ে বয়সে বেশ বড় একজন তাকে ট্রেনিং করাচ্ছিল। এসময় ওয়েইকে বারবার আঘাত করে মেঝেতে ফেলে দেওয়া হয়। এসময় শিশুটি চিৎকার করে বলছিল, আমি এটা চাই না...। কিন্তু কোচ ট্রেনিং বন্ধ করেননি এবং বয়সে বড় ছেলেটিকে আঘাত চালিয়ে যেতে বলেন।
একপর্যায়ে ওয়েই আর মেঝে থেকে উঠতে পারছিল না। তখন কোচ তাকে তুলে ধরে আরো কয়েকবার ছুঁড়ে ফেলেন। এসময় শিশুটি বমি করে কিন্তু কথিত ট্রেনিং থামেনি। অবশেষে ওয়েই অচেতন হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে দেখেন, শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এখন সে কোমায় আছে। ওয়েইকে লাইফ সাপোর্টের সাহায্য বাঁচিয়ে রাখা হয়েছে।
ইত্তেফাক/এসএ
