মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে সাধারণ মানুষের নতুন দল 

আপডেট : ০৭ মে ২০২১, ২০:২৩

মিয়ানমারে ‘সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা ঠেকাতে’ ‘পিপলস ডিফেন্স ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে দেশটির ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট' বা এনইউজি নামের সরকার।

সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, বুধবার (৫ মে) তারা এক বিবৃতিতে জানায়, অভ্যুত্থানের প্রতিবাদ করা সাধারণ নাগরিক ও বিভিন্ন এথনিক বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে এই বাহিনী গঠন করতে চায় ঐকমত্যের সরকার৷ ‘সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা ঠেকাতে ‘পিপলস ডিফেন্স ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে তারা।

সাবেক সাংসদ, রাজনীতিবিদ, গণতন্ত্রপন্থি গোষ্ঠী ও এথনিক সংখ্যালঘু গোষ্ঠীর সমন্বয়ে গতমাসে ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট' বা এনইউজি নামের ঐ সরকার গঠন করা হয়৷ এখন তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। বুধবার ডিফেন্স ফোর্স গঠনের ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার অনেক তরুণ সামাজিক মাধ্যমে এই বাহিনীতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

মিয়ানমারের মনিটরিং সংস্থা ‘অ্যাসিস্টেন্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স’ বা এএপিপি জানিয়েছে, দেশটিতে অভ্যুত্থান-বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৮০০ জন প্রাণ হারিয়েছেন৷ প্রায় তিন হাজার সাতশ জনকে আটক করা হয়েছে৷ এর মধ্যে অনেক সাংবাদিকও আছেন৷ বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইত্তেফাক/এএইচপি