কিশোরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩২

শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হাজরা(৪৮)। এদিকে শুক্রবার ভোররাতে শিলাবৃষ্টিতে বাহাগিলি, নিতাই এবং কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি গ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় পাকা ধান, ভুট্টা ও পাটের। রনচন্ডি ইউপি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান জানান, উপজেলার রনচন্ডি ইউনিয়নের উত্তরবাফলা পশ্চিমপাড়া গ্রামের হাজরা সন্ধ্যার সময় ইফতার বানাতে ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে হঠাত্ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ভোররাতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের কৃষক তাইজুল ইসলাম বলেন, চারবিঘা জমিতে পাট চাষ করেছি। আমার সব পাটখেত শিলাবৃষ্টিতে ছিন্নভিন্ন হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অতিরিক্ত শিলাবৃষ্টিতে বাহাগিলি এবং নিতাই ইউনিয়নের কয়েকটি গ্রামের ধান এবং পাটখেতের ক্ষতি হয়েছে।