সুজানগরে অধিকাংশ ওষুধ ব্যবসায়ীর ড্রাগ লাইসেন্স নেই

আপডেট : ০৭ মে ২০২১, ২২:৩৩

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরের গ্রামাঞ্চলের অধিকাংশ ওষুধ ব্যবসায়ীর ড্রাগ লাইসেন্স নেই। ড্রাগ লাইসেন্স ছাড়াই তারা বছরের পর বছর ওষুধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে সরকার প্রতি বছর হাজার হাজার টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, সুজানগর পৌর শহরসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে কমপক্ষে ৫০০ ওষুধের দোকান রয়েছে। ঐ সব দোকানের মধ্যে কেবল পৌর শহরের ব্যবসায়ীদের লাইসেন্স আছে। এর বাইরে গ্রামাঞ্চলের বেশির ভাগ দোকানের কোনো লাইসেন্স নেই। এদের মধ্যে দুই/চার জনের লাইসেন্স থাকলেও তারা নবায়ন করান না। লাইসেন্স নবায়ন ছাড়াই তারা মাসের পর মাস অবৈধভাবে ওষুধের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ বলেন, করোনা মহামারি এবং লকডাউনের কারণে ড্রাগ লাইসেন্স তদারকি এবং নবায়নসহ ওষুধ প্রশাসনসংক্রান্ত অনেক কাজ থমকে আছে। তবে শিগিগরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।