রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকা স্পুিনক-ভির একটি ডোজই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্পুিনকের দুটি ডোজ ও একটি ডোজের কার্যকারিতার ফারাক কিছুটা থাকবে বলেও জানানো হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, স্পুিনক-ভি টিকার দুটি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১ দশমিক ৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯ দশমিক ৪ শতাংশ।
জার্মান সংবাদমাধ্যম ডয়চেভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্পুিনক ভি ভ্যাকসিনের এক ডোজের একটি সংস্করণ অনুমোদন করেছেন দেশটির কর্মকর্তারা। বৃহস্পতিবার অনুমোদন পাওয়া এই টিকাটির নাম দেওয়া হয়েছে ‘স্পুিনক লাইট’। রুশ কর্মকর্তারা বলছেন, দুই ডোজের স্পুিনক টিকার চেয়ে এক ডোজের টিকাটি একটু কম কার্যকর। তবে এর কার্যকারিতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মান অনুসরণ করছে।
রাশিয়ার তৈরি স্পুিনক ভি টিকাটি বিশ্বের ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) স্পুিনক ভি অনুমোদন দেয়নি। স্পুিনক ভি টিকা তৈরিতে অর্থায়ন করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।
স্পুিনক ভি টিকা রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ১০ লাখ ভ্যাকসিন আর্মেনিয়ায় পাঠানোর কথা বিবেচনা করছে মস্কো। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে ইতিমধ্যে গত মাসে ১৫ হাজার ডোজ পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশও এই টিকা আমদানির কথা বিবেচনা করছে।
রাশিয়ার তৈরি ঐ টিকাটি ৬০টি দেশে অনুমোদিত। আরডিআইএফ বিবৃতিতে জানিয়েছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ওপর ভিত্তি করেই স্পুিনকের একটি ডোজ অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিশ্বে প্রায় ২ কোটি মানুষ স্পুিনকের প্রথম ডোজ নিয়েছেন। বিষয়টি বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হলেও এতে টিকাকরণের গতি ও মানুষের সুরক্ষা আরো বাড়বে বলে মনে করছে রাশিয়া।
