সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শ্রীপুর ও পল্লী বিদ্যুত্ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের ফরিদুল ইসলাম, কুমিল্লার ইমরান, হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার নিজাম।
র্যাব জানায়, সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-৪-এর একটি দল আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফরিদুল, ইমরান, হাবিবুরকে আটক করে র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ৪৭৮ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহূত একটি পিকআপ জব্দ করা হয়।
অন্যদিকে আশুলিয়ার পল্লী বিদ্যুত্ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নিজামকে গ্রেফতার করে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহূত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-৪ সিপিসি-২-এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবত্ দেশে সীমান্তবর্তী এলাকা হতে পিকআপ ও প্রাইভেটকারযোগে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য রাজধানী ঢাকায় নিয়ে আসত। এরপর তা বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
