পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ধন্যবাদ জানালেন মমতা ব্যানার্জি

আপডেট : ০৮ মে ২০২১, ০০:৪৯

টানা তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর পরিপ্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিঠিতে মমতা লিখেছেন, পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় দিয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা বলেন, আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করায় গত ৫ মে এক পত্রে তাকে আন্তরিক অভিনন্দন  জানান ড. মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান।