দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে দিনে ফেরি চলাচল বন্ধ ও রাতে শুধুমাত্র পণ্যবাহী ফেরি চলাচল করায় সিরাজগঞ্জে যানবাহনে চাপ বেড়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজায় টোল আদায় হয়েছে কয়েকগুণ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর পাল্লার গণপরিবহন সহ বিভিন্ন যানবাহনের চাপ বাড়ায় শনিবার দুপুর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার নলকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রিয়জনের সাথে ঈদ করতে বঙ্গবন্ধু সেতু পার হয়ে দূরপাল্লার বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকে গাদাগাদি করে কয়েকগুণ বাড়তি ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন ঢাকা ফেরত যাত্রীরা।
কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, হঠাৎ করে যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আবার কখনও যানজট কমে যানবাহন ধীর গতিতে চলছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দূরপাল্লার কোন বাস ও মাইক্রোবাস এবং ট্রাকে করে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করলে সে সমস্ত যানবাহন বঙ্গবন্ধু সেতু পশ্চিমে আটকে দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এসজেড
