খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
খালিয়াজুরীতে বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে যাওয়া ক্ষুদ্র ব্যবসায়ী সুলতান আলীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর ফেরিঘাট এলাকার সুরমা নদী থেকে জেলেরা জাল দিয়ে লাশটি উদ্ধার করে। এর আগে শুক্রবার সন্ধ্যায় নৌকা থেকে পড়ে সুলতান আলী ঐ স্থানেই নিখোঁজ হয়েছিলেন। তিনি ঐ ইউনিয়নের কুতুবপুর গ্রামের রমজান মিয়ার ছেলে। তিনি ফল বিক্রেতা ছিলেন। খালিয়াজুরী থানার পরিদর্শক (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছে।
