কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
কেন্দুয়া উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে কৃষক হেলাল মিয়ার কাছ থেকে ধান ক্রয় করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা খাদ্য কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনউদ্দিন খন্দকার। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত জানান, চলতি বোরো মৌসুমে কেন্দুয়ায় ২ হাজার ৮০২ মেট্রিকটন ধান ও ৩ হাজার ৬১০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৭ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে এবং ৪০ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় করা হবে।
