কালীগঞ্জে সত্-ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৮ মে ২০২১, ২২:১৬

 

আহত আরো দুই সহোদর

 কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে সত্-ভাইয়ের ছুরিকাঘাতে আরিফ শেখ নামে এক যুবক খুন হয়েছেন। একই ঘটনায় বুলবুল শেখ ও বাবুল শেখ নামে আরো দুই জন আহত হয়েছেন। নিহত আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই জনই উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তবে এদের মধ্যে বুলবুল শেখের অবস্থা আশঙ্কাজনক। গতকাল ভোরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক ও পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম। নিহত আরিফ শেখ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামের শরাফউদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন কলেজের ছাত্র এবং গাজীপুর মহানগরীর হাড়িনাল এলাকায় ভাড়া থেকে জুতার ব্যবসা করেন। আহতরা তার আপন দুই ভাই। তারা বাড়িতে কৃষি কাজ করেন।

নিহতের পিতা শরাফউদ্দিন বলেন, ‘আমার দুই স্ত্রী। দুই জনই একই এলাকায় আলাদা বাড়িতে থাকেন। ছোট স্ত্রী দুধমেহেরের বাড়ির পাশে প্রথম পক্ষের স্ত্রী সোলেমা খাতুনের প্রবাসী দুই ছেলে এক টুকরো জমি কিনে। শুক্রবার দুপুরে সেই জমি থেকে বড় স্ত্রী পাতা কুড়াতে যায়। আর সেই পাতা কুড়ানোকে কেন্দ্র করে দুই স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে সেই ঘটনার সূত্র ধরে ঐ দিন রাতে দ্বিতীয় স্ত্রী দুধমেহের ও তার আগের সংসারের তিন ছেলে এবং আমার সংসারের এক ছেলে প্রথম স্ত্রী সালেমা খাতুনের বাড়িতে গিয়ে তাকে লাঞ্ছিত করে। বিষয়টি সোলেমা খাতুন তার ছেলেদের অবগত করেন। পরে ঘটনা শুনে আরিফ গাজীপুর থেকে বাড়িতে আসে। ভোরে আমার প্রথম পক্ষের তিন ছেলে আরিফ, বুলবুল ও বাবুল মোটরসাইকেল করে গাজীপুর যাচ্ছিল। এ সময় আগে থেকেই ওঁত পেতে থাকা আমার দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের তিন ছেলে ও আমার সংসারের এক ছেলেসহ অজ্ঞাত পরিচয় কয়েক জন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আরিফ, বুলবুল ও বাবুল আহত হন। তাদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার     করে প্রথমে শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিত্সক  তাদের উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তাদের অবস্থার অবনতি হলে উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে নিলে সেখানে দুপুরে আরিফ শেখের মুত্যু হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।