মৃত রানির ইচ্ছানুযায়ী তার ছেলে মিসিজুলুকেই দক্ষিণ আফ্রিকার জুলু জাতিগোষ্ঠীর পরবর্তী রাজা হিসেবে বেছে নেওয়া হয়েছে। খবর বিবিসির
সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে রাজপরিবারের ভেতর চলা দ্বন্দ্বের মধ্যে শুক্রবার জুলু জাতির পরবর্তী শাসক হিসেবে প্রয়াত রাজা গুডউইল জোয়েলিথিনির বড় ছেলে, ৪৬ বছর বয়সি মিসিজুলুর নাম ঘোষিত হয়। গত সপ্তাহে অপ্রত্যাশিতভাবে মারা যাওয়া রানি মন্টফোমবি দামিনির উইলেও (ইচ্ছাপত্র) পরবর্তী শাসক হিসেবে ছেলের নামই ছিল। ঐদিন স্থানীয় সময় সন্ধ্যায় কোয়াখাঙ্গেলামানকেঙ্গানে প্রাসাদে উইলটি পড়ার সময় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। রাজপরিবারের বেশ কজন সদস্য উইল নিয়ে তাদের আপত্তি জানান। দক্ষিণ আফ্রিকার সানডে টাইমস জানিয়েছে, মৃত রানির উইল পড়ার পর মিসিজুলুর ভাই প্রিন্স থোকোজানি সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মিসিজুলুর নাম ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। পরে অন্য আত্মীয়স্বজনরা তাকে থামিয়ে দেন। এর আগে ছোট-খাটো এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাতাল প্রদেশে রানি মন্টফোমবিকে সমাহিত করা হয়।
