মোহামেডান ১
শেখ রাসেল ০
স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দল কিংবা ক্লাব ফুটবল। দুই জায়গায় দেশের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন আলফাজ আহমেদ এবং ইমতিয়াজ আহমেদ নকিব। সালাহউদ্দিন, আসলামদের উত্তরসূরি আলফাজ-নকিব ফুটবল ছাড়ার পর তাদের জায়গা পূরণ হওয়ার মতো স্ট্রাইকারও আসেনি দেশের ফুটবলে। এই দুজন এখন মোহামেডন ফুটবল দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ইংলিশ কোচ শন লেন অস্ট্রেলিয়ায় গেছেন তাই এখন কোচ আলফাজ; নকিব ম্যানেজার হলেও আলফাজকে সহায়তা করছেন অকৃপণভাবে। কোচিং স্টাফের তালিকায় আছেন গোলকিপার নিজাম মজুমদার। সব মিলিয়ে এই মানুষগুলো মোহামেডানকে টানা তিন ম্যাচে জয় উপহার দিয়েছেন।
প্রিমিয়ার ফুটবলের ফিরতি পর্বে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছে। ম্যাচের ৩৭ মিনিটে বুরকিনা ফাসোর ফুটবলার মুনজির কুলদিয়াতি। সোহাগের কর্নারের বল মুনজির সবার মাথার ওপর দিয়ে শেখ রাসেলের জালে ফেলেন। বিদেশি কোচ ছাড়া টানা তিন ম্যাচ জিতল মোহামেডান। ১৫ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন শেখ রাসেলকে টপকে টেবিলের ৪ নম্বরে।
শুরুতেই মুনজির কুলদিয়াতির হেড শেখ রাসেলের গোল লাইন থেকে ফিরিয়ে দেন দুই ডিফেন্ডার। মোহামেডান আরো বড় ব্যবধানে জয় পেতে পারত। গোলের পর দ্বিতীয়ার্ধে ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসান নিশ্চিত গোলের বল বানিয়ে দিলেও জালে পাঠাতে পারেননি জাফর ইকবাল। এমন সুযোগ মিস করা অমার্জনীয়। শেখ রাসেলের ভাগ্যটা খারাপ তাদের নাইজেরিয়ান ওবি মোনেকে আক্রমণভাগে দারুণ লড়াই করছিলেন। হাল না ছাড়ার পাত্র তিনি। ম্যাচের শেষ দিকে মাপা শট নিয়েছিলেন ওবি মোনেকে। তার শট মোহামেডানের গোলকিপার সুজনকে ফাঁকি দিয়ে গেলেও পোস্টে লেগে ফিরে আসে। এরপরই মাটিতে পড়ে যান এই নাইজেরিয়ান। মাংশপেশিতে টান লেগে খেলা ছেড়ে আসেন। মোহামেডান আক্রমণভাগে খেলোয়াড় কমিয়ে ডিফেন্ডার নামায়। ৯০ মিনিট শেষ করে। দর্শকের দুর্ভাগ্য মোহামেডানের জয়গুলো দেখার সুযোগ পাচ্ছে না করোনার কারণে।
